খুলনা হাসপাতালে পিপিই পৌঁছে দিলো বিমান বাহিনী
- In -- জাতীয় --
- Apr 13, 2020 --
খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
সোমবার (১৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব উদ্যোগে বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী ঢাকা থেকে খুলনায় নেওয়া হয়। সেগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া, করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ বিমান বাহিনী দেশের বিভিন্ন স্থান জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ছিটানো, বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যানবাহনকে ডিসইনফেকশন করা, বিমান বাহিনীর সদস্যদের সুরক্ষার জন্য ডিসইনফেকশন পয়েন্ট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পাশাপাশি, বিমান বাহিনী তাদের নিজস্ব এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, মসজিদে অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণসহ বিভিন্ন সতর্কতামূলক দিক নির্দেশনা দিচ্ছে। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে ঘাঁটি ও তার পার্শ্ববর্তী এলাকার নিন্মআয়ের পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)