গর্বের বাকেরগঞ্জের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচন সম্পন্ন সভাপতি মোহন, সাধারণ সম্পাদক ওসমান গনি
- In -- জেলার খবর --
- Oct 17, 2026 --
নিজস্ব প্রতিবেদক: বাকেরগঞ্জ উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘গর্বের বাকেরগঞ্জ’-এর ১২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কাউন্সিলরদের সরাসরি ভোটে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের ৯০ জন কাউন্সিলরের মধ্যে ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন মোহন। সাধারণ সম্পাদক পদে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ওসমান গনি। এ ছাড়া ৬৭ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শামসুল আরেফিন এবং ৫২ ভোট পেয়ে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী একেএম মিজানুর রহমান মাসুদ। সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর প্রতিষ্ঠার পর এবারই প্রথম কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব নির্বাচন করা হলো। চারটি গুরুত্বপূর্ণ পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান মোট ৯০ জন কাউন্সিলর। তাঁদের মধ্যে ৪৪ জন ছিলেন সংগঠনের ১৪টি ইউনিয়ন ও একটি পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলা, নারায়ণগঞ্জ জেলা ও গাজীপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। বাকি ৪৬ জন ছিলেন কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর।নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মী ও সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনভর সংগঠনের সদস্যদের পাশাপাশি বাকেরগঞ্জের মানুষের মধ্যেও নির্বাচনের ফলাফল নিয়ে আগ্রহ ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন পর্যায়ের কাউন্সিলরদের অংশগ্রহণে একটি বৃহৎ সামাজিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজন করা সাংগঠনিকভাবে একটি বড় চ্যালেঞ্জ ছিল। তবে কাউন্সিলরদের অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হওয়াকে সংগঠনের গণতান্ত্রিক চর্চা ও সাংগঠনিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বের মাধ্যমে ‘গর্বের বাকেরগঞ্জ’-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে। একই সঙ্গে সামাজিক ঐক্য, সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
1729344490.jpg)
1576306355.gif)
1576304475.gif)